টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী গ্রেপ্তার

টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ রহমত উল্লাহ (৪২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নাইট্যং পাড়ার পিএইচপি ফিশারিজ এলাকা থেকে ইয়াবাসহ রহমত উল্লাহকে গ্রপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সূত্রে তারা জানতে পারে যে, শুক্রবার রাতে সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসা হয়েছে। সেই চালান টেকনাফ দক্ষিন নাইট্যং পাড়ার কালা মিয়ার বাড়িতে মজুদ রাখা হয়েছে। এ সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিকের ছেলে রহমত উল্লাহ (৪২)কে গ্রেপ্তার করে। সে নাইট্যং পাড়ার কালা মিয়ার ছেলে। ইয়াবাসহ ধৃত আসামীকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রকৃত ইয়াবা মালিককে আসামী করে মাদক আইনে মামলা করা হবে।