মৌলভীবাজারের বড়লেখায় খাসিয়া তরুণী খুন

শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই পুঞ্জি এলাকা থেকে মোনালিসা নংপ্রট (১৮) নামের আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মোনালিসা গান্ধাই পুঞ্জির বাসিন্দা মৃত জন পতামের মেয়ে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ছুরি মেরে ওই তরুণীকে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকা নির্বাহের তাগিদে মোনালিসা প্রতিদিনের মতো পান সংগ্রহ করতে সকাল আটটার দিকে পানজুমে যান। এরপর আর বাড়ি ফেরেননি। বিকেল চারটার দিকে নির্জন জুমের ভেতরের একটি টিলার নিচে স্থানীয় লোকজন মোনালিসার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহত মোনালিসার গলার বাঁ পাশে ছুরির আঘাত দেখা গেছে। ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় অথবা ধর্ষণের পর দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে লাশ টিলার নিচে ফেলে দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তরুণীর পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।