বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের ১০ ঘণ্টা পর বাড্ডা থানায় হস্তান্তর করার পর শনিবার সন্ধ্যার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়। এর আগে শুক্রবার রাত ৩ টার দিকে বারিধারার পার্ক রোডের ৯৮ নম্বর বাড়ি থেকে র্যাব তাকে গ্রেফতার করে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান বলেন, শুক্রবার রাত ৩ টার দিকে বারিধারার ঐ বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে রিজভীকে আটক করে র্যাব-১ কার্যালয়ে রাখা হয়। ঐ বাড়ির মালিক একজন সৌদি প্রবাসী। গত ৭ জানুয়ারি এ্যাপোলো হাসপাতাল থেকে চিকিত্সাধীন অবস্থায় পালিয়ে তিনি ঐ ফ্ল্যাটে আত্মগোপন করেন। সেখান থেকেই তিনি দলের পক্ষে নাশকতামূলক কর্মকান্ডের নির্দেশনা দিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে ঐ ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।
এদিকে, দুপুর ১ টার দিকে রিজভীকে থানায় হস্তান্তর করে র্যাব।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, গত ২৬ জানুয়ারি বাড্ডায় বাস ভাচুর, অগ্নিসংযোগ ও নশকতার অভিযোগে একটি মামলা হয়। মামলার বাদী হন ঐদিন ক্ষতিগ্রস্থ বাসের চালক জসিম উদ্দিন। মামলা নম্বর-৩১। ঐ মামলায় ২৮জনকে এজহার নামীয় আসামি ও অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়। এই মামলায় মামলায় রিজভীকে গ্রেফতারর দেখানো হচ্ছে।
বাড্ডা থানার ওসি জানান, তাকে গ্রেফতার দেখানো ও আইনি কার্যক্রম শেষ করতে বিকাল হয়ে যাওয়ায় আদালতে পাঠানো সম্ভব হয়নি। এ কারণে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি অফিসে রাখা হয়েছে। রবিবার সকালে তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।