খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি হাছান মাহমুদের


 আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অবরোধ-হরতালের নামে সহিংসতার মাধ্যমে মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়া হোক, কেননা এটা এখন সময়ের গণদাবিতে পরিণত হয়েছে।
 শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ‘অবৈধ হরতাল ও মানুষ হত্যার প্রতিবাদে’ এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।
সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু, সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রমুুখ বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার কাছে পুত্র বড় কথা নয় বরং মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়াই বড় কথা। পুত্রের মৃত্যুর পরও তিনি মানুষ হত্যা অব্যাহত রেখেছেন। অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কারার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।
এ সময়ে এসএসসি শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার স্বার্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্য থেকে মুক্তি দিতে বিএনপি'র প্রতি আহ্বানও জানান তিনি।