রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে বোমা, আটক ২

 
 
রাজশাহীতে পুলিশের ওপর বোমা হামলা চালিয়ে পালানোর সময় দুই শিবির কর্মী হাতেনাতে আটক হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লোকনাথ স্কুল এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে এই হামলা হয়।
 
আটকরা হলেন— মোহনপুর উপজেলার সাঁকোয়ার ফজলুল হকের ছেলে সাইফুল ইসলাম সেলিম (২২) এবং নওগাঁর মান্দা উপজেলার বদ্দিপুরের শওকত আলীর ছেলে নওশাদ আলী (১৯)। এদের মধ্যে সাইফুল রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী। নওশাদ আলী রাজশাহী কলেজের বাংলা চতুর্থবর্ষের শিক্ষার্থী। তারা উভয়েই ছাত্রশিবিরের মহানগর শাখার সক্রিয় কর্মী।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর একই এলাকায় ২০ দলীয় জোটের মিছিল থেকে পুলিশের কাভার্ডভ্যানে বোমা হামলায় কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত এবং নয় কনস্টেবল আহত হন।
 
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে লোকনাথ স্কুল এলাকায় ঝটিকা মিছিল বের করে কয়েকজন শিবির কর্মী। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পিছু ধাওয়া করে ব্যানারসহ দুই শিবির কর্মীকে পুলিশের সদস্যরা ধরে ফেলেন। তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।