খালেদা জিয়া আন্দোলনের ক্ষমতা হারিয়ে ফেলেছেন :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। গত কয়েক বছর বার বার তিনি নির্বাচিত সরকার পতনের ডাক দিয়েছেন। কিন্তু দেশের জনগণ তার সেই ডাকে সাড়া দেয়নি। আর তাই এখন বেসামাল হয়ে শেষ পর্যন্ত বাসাবাড়ি ছেড়ে রাজনৈতিক কার্যালয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। এর পরিণতি তার জন্য শুভ হবে না।

গতকাল শনিবার বিকালে দেওয়ানগঞ্জ একেএম মেমোরিয়াল কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে    প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে ক্ষমতালোভী বলে আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে তিনি নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। ওই নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পাঁচ বছরে স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে জোট বেঁধে বিএনপি সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখেনি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য পাঁচ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠান যখন অনিবার্য হয়ে পড়ে, তখন তিনি সেই নির্বাচন বর্জন করেন। শুধু তাই নয় নির্বাচন যাতে না হয় সেজন্য দেশে সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, নিরীহ মানুষ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যাসহ নৈরাজ্য সৃষ্টি করা হয়। এখন আবার নির্বাচিত সরকার উত্খাতের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এজন্য এসএসসি ও সমমানের পরীক্ষা বানচালের উদ্দেশ্যে এবং ভাষা শহীদদের অবমাননা করে তিন দিনের হরতাল দিয়েছেন। এবারও দেশের জনগণ তার এ হরতালে সাড়া দেবে না।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের একদিন আগে কোন নির্বাচন নয়। আপনি ট্রেন মিস করেছেন, ২০১৯ সাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ২০১৯ সাল পর্যন্ত মাথা ঠান্ডা করে অপেক্ষা করুন। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তিনি বলেন, খালেদা জিয়ার আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ, পুলিশ ও বিজিবি সদস্যদের হত্যা করে ক্ষমতায় আসার চিন্তা করছেন। এটা কখনো সফল হবে না। তিনি তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনার বেয়াদব ছেলেকে সামলান, নইলে এদেশের মানুষ আপনার দল, আপনাকে এবং আপনার ছেলেকে বয়কট করবে। দেশের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে, সার পাচ্ছে, জঙ্গি মুক্ত বাংলাদেশ পাচ্ছে, শিক্ষা ও বিদ্যুত্ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এখন মানুষ সারের জন্য গুলি খেয়ে মরে না।
এর আগে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্ম নাসিম বলেন, আপনি মানুষ হত্যা করবেন আমরা মানুষ বাঁচানোর হাসপাতাল বানাবো। তিনি আরও বলেন, আপনার ছেলের মৃত্যুর খবর পেয়ে শেখ হাসিনা মায়ের মমতা ও বোনের ভালবাসা নিয়ে আপনার বাড়ি গিয়েছিলেন কিন্তু আপনি গেট খোলেননি। এতে শেখ হাসিনা ছোট হননি আপনি নিজেই দেশবাসির কাছে ছোট হয়েছেন। আসন্ন এসএসসি পরীক্ষা সম্পর্কে মন্ত্রী বলেন, পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই। তাই প্রয়োজন হলে মন্ত্রী-এমপিসহ সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্র পাহারা দেবে। তবুও এসএসসি পরীক্ষা সময় মতো হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা এমপি, সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, জামালপুর-০২ আসনের সাংসদ আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন, রেজাউল করিম রেজনুসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। পরে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সকলের কণ্ঠ ভোটে আবারও আলহাজ ইসতিয়াক হোসেন দিদারকে সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করেন।