‘নিয়ন্ত্রণ হারানোর আগেই আসন ত্যাগ ক্যাপ্টেনের’

গত বছর নিখোঁজ ইন্দোনেশিয়ার এয়ার এশিয়া বিমানের কো-পাইলট নিয়ন্ত্রণ হারানোর আগেই এর ক্যাপ্টেন আসন ত্যাগ করেছিলেন। তিনি যখন ফিরে আসেন তখন আর বিমানটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। খবর রয়টার্সের।

এয়ার এশিয়া বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক দুজন সদস্য এ তথ্য জানিয়েছেন। যদিও ইন্দোনেশিয়ার সরকার ইতোমধ্যে জানিয়েছে, বিমানটি সম্পর্কে পুরোপুরি সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি। এমনকি এয়ার এশিয়ার পক্ষ থেকেও তদন্ত চলার সময় কোনো কিছু মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। বিমানটির একটি প্রধান ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে সমস্যা দেখা দেয়ার পর এক সপ্তাহ পার হলেও বিষয়টির প্রতি নজর দেয়া হয়নি। মাঝে মাঝে বিগড়ে যাওয়া ওই কম্পিউটারসহ বিমানটির ক্যাপ্টেন দুর্ঘটনার কয়েকদিন আগেও বিমানটি চালিয়েছিলেন। বিমানটির ফ্লাইট আগমেন্টেশন কম্পিউটারের রক্ষণাবেক্ষণ সমস্যা ও পাইলট যেভাবে এটি সমাধান করতে গিয়েছিলেন, তা তদন্তের প্রধান অংশ হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারটি সচল করতে না পেরে এটির বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে পাইলট একটি সার্কিট ব্রেকার খুলে ফেলেছিলেন। ঘটনার তদন্তে নিয়োজিতরা জানিয়েছেন, ফ্লাইটটির অভিজ্ঞ ইন্দোনেশীয় ক্যাপ্টেন ইরিয়ান্তো এ কাজটি করেছিলেন। তার কম অভিজ্ঞ ফরাসি কো-পাইলট রেমি প্লেসেল তখন বিমানটি চালাচ্ছিলেন।