বিএনপি ও জামায়াত নেতার বাড়িতে বোমা হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামে স্থানীয় জামায়াত নেতা রবিউল ইসলাম এবং বিএনপি নেতা টগর আলীর বাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে একই সময়ে বিকট শব্দে জামায়াতের স্থানীয় নেতা রবিউল ইসলামের বাড়ির ছাদের উপর একটি এবং বিএনপি’র স্থানীয় নেতা টগর আলীর বাড়ির ছাদের উপর দুটি ও বাড়ির পাশে রাস্তার উপর একটি বোমার বিস্ফোরন ঘটে।
ঘটনার পর পরই গাংনী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।
বিএনপি নেতা টগর আলী বলেন, ‘রাতে হঠাৎ আমার বাড়ির ছাদের উপর দুইটি বোমার বিস্ফোরন ঘটে।’
জামায়াত নেতা রবিউল ইসলাম বলেন, ‘একই সময় আমার বাড়ির ছাদের উপরে ও বাড়ির পাশের রাস্তায় পর পর দুইটি বোমার বিস্ফোরণ ঘটে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০ দলীয় জোটের চলমান অবরোধে সহিংসতার কর্মসূচির অংশ হিসেবে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দৃর্বৃত্তরা ওই নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’