দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয় ও সচিবালয় সন্নিকটে অবস্থিত বিদ্যুত্ ভবনের ভেতরে-বাইরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
সচিবালয়ের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘বেলা ১১টার দিকে সচিবালয়ের ৩ নম্বর গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়—ককটেল দুটি আব্দুল গণি রোডের দিক থেকে ছোড়া হয়।
অপর দিকে, প্রায় একই সময় বিদ্যুত্ ভবনের পঞ্চম তলা থেকে একটি ককটেল ছুড়ে মারা হলে তা জানালায় লেগে বিস্ফোরিত হয়। বিদ্যুত্ ভবনের ভেতর থেকে কেউ বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।
প্রসঙ্গত, সচিবায়লয়ের ভেতরে-বাইরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। মহানগর পুলিশ, এসবি, এনএসআই, এপিবিএন সদস্যরা এ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। কখনো কখনো প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সদস্যরাও এ দায়িত্ব পালন করে থাকে।