পরীক্ষার তারিখ পেছানো সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘পরীক্ষার্থীরা যখন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, তখন পরীক্ষার তারিখ পেছানো সঠিক হয়নি। হরতাল-অবরোধ দিয়ে ওরা বিশ্ব এজতেমা যেমন ঠেকাতে পারেনি, তেমনি পরীক্ষাও ঠেকাতে পারবে না।’
রবিবার সকালে কাজীপুর আর আই এম ডিগ্রী কলেজ মাঠে সদ্য প্রয়াত বড় ভাই ড. মোহাম্মদ সেলিমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় তিনি প্রশ্ন তোলেন— খালেদা জিয়ার ছেলেরা লেখাপড়া করেনি বলে কি এদেশের কোটি মানুষের সন্তানেরাও লেখাপড়া করবে না?
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কোনো অসাংবিধানিক ও অন্যায় দাবির কাছে সরকার মাথানত করবে না বলে জানিয়ে নাসিম বলেন, ‘খালেদা জিয়ার কাছে কোনো ধরনের শুভবুদ্ধি আশা করা যায় না।’