অধিনায়ক মামুনুল ইসলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশকে সেমিফাইনালে তোলার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বিকাল পাঁচটায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচটা তাই মামুনুল ও তার সহযোদ্ধাদের প্রতিশ্রুতি পূরণের পালা।
আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সহসভাপতি বাদল রায়ের রুমে আরো দুই সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও আব্দুল গাফফার আলোচনা করছিলেন সিলেটে অনুষ্ঠিত খেলাটি নিয়ে। মামুনুল, এমিলি, সোহেল রানা, গোলকিপার লিটন, রায়হান হাসান, মিশুদের হতাশজনক পারফম্যান্স নিয়েই ব্যথাতুর কথা চলছিল তাদের।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে পরাজয়ের প্রসঙ্গে টেনে চুন্ন বললেন, ‘মালয়েশিয়ার স্কিলের কাছেই আমাদের ছেলেরা মার খেয়ে গেছে।’ গাফফার বললেন, ‘চুন্নু ভাই আমাদের প্লেয়াররা একজনকে কাটিয়ে ঢুকতে পারে না। একজনকে ডজ দিতে পারে না। বল পেলেই ছেড়ে দিয়ে বাঁচতে চায়। আমাদের সময়ে আমরা তো এমন ফুটবল খেলিনি। এখন দেখেন শ্রীলংকার বিরুদ্ধে কী হয়।’
এমন আলোচনার মধ্যে বাফুফে ভবনের তিন তলায় বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলছিলেন সেই একই কথা, ‘আমরা শ্রীলংকার বিরুদ্ধে আজ জিততে চাই।’ তবে ম্যাচ নিয়ে খুব বেশি প্রশ্ন করাটা যৌক্তিক মনে করছিলেন না মামুনুল। বললেন, ‘ম্যাচ জিতলেই হালাল আর হেরে গেলেই হারাম।’ নিজেই প্রসঙ্গ টানলেন মালেয়েশিয়ার বিরুদ্ধে সুযোগ পেয়েও গোল করতে না পারার কারণ, ‘ফিনিশার ছিল না। ফিনিশিং টাচ ছিল না।’ প্রশ্ন ছিল এখন শ্রীলংকার বিরুদ্ধে ফিনিশিং টাচ দেবে কে ? মামুনুলের জবাবে তীর ধনুকের গতি, ‘কেন, গোলকিপার।’