আগামী ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি বন্ধ করে অবরোধ-হরতাল প্রত্যাহার করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চকরে। মঞ্চের নেতৃবৃন্দ এতইসঙ্গে আট দফা দাবি জানিয়ে বলেছেন, দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারা, হত্যা, জ্বালাও-পোড়াও, অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংসসহ ১৫ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাজীবনকে জিন্মি করে যে আন্দোলন চলছে তা জনস্বার্থ বিরোধী। এ অবস্থায় আমাদের দাবি- দেশ, দেশের অর্থনীতি ও দেশের ভবিষ্যত্ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রয়োজনে আমরা আবারো রাজপথে নামবো।
রবিবার বিকালে শাহবাগ প্রজন্মচত্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এ দাবী জানান।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. আবুল বারাকাত, ফেরদৌসি প্রিয়ভাসিনী, মানবাধিকারকর্মী মাহফুজা খানম, লাকি আক্তার প্রমুখ।
লিখিত বক্তব্য ইমরান এইচ সরকার বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ৪ জানুয়ারি থেকে সারাদেশে রাজনীতির নামে ধারাবাহিক সহিংসতা চলছে। তাতে দেশের মানুষ ভীত-সন্ত্রস্ত। অজানা অনিশ্চয়তা আজ দেশজুড়ে। মানুষের স্বাভাবিক চলাফেরার অধিকার হরণ, পণ্য সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে ব্যবসা-বাণিজ্যসহ সমগ্র উত্পাদন ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ফেলে দেওয়ার মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধে অর্জিত মুক্ত-স্বাধীন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করার গভীর ষড়যন্ত্র চলছে।
২ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী দশটি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু পরীক্ষার পূর্বমুহূর্তে জামাত-শিবির জোট অবরোধের সাথে ৭২ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। ফলে প্রায় ১৫ লক্ষ পরীক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির দ্বারপ্রান্তে। অপরদিকে সরকার ও প্রশাসনযন্ত্র এ ধরনের অপরাজনীতি নিয়ন্ত্রণেও তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছেন না। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।