লক্ষ্মীপুর সদরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তিনজন দগ্ধ হয়েছে। রোবাবার রাতে লক্ষ্মীপুর মহিলা কলেজের কাছে এ হামলা হয়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে আশিক (২৮) ও আব্দুল করিম (২৭) নামে দুজনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানতে পারেনি পুলিশ। পরিচয় পাওয়া দুজনের বাড়ি লক্ষ্মীপুর সদরের দক্ষিণ মজুপুর গ্রামে।
লক্ষ্মীপুর সদর থানার এসআই আব্দুল করিম জানান, রাত ৯টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীহাট থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শহরে যাওয়ার পথে তারা হামলার শিকার হন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, অগ্নিদগ্ধ তিনজনের মধ্যে একজনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর।