মিরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ

চট্টগ্রামের মিরসরাইয়ে রেললাইন উপড়ে ফেলায় নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের লোক মাস্টার (এলএম) ইউসুফ চৌধুরী (৫৫) এ.এলএম কামরুল হোসেন (২৫) আহত হয়েছেন। সোমবার ভোররাতে মিরসরাই পৌরসভার উত্তর আমাবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহতদের চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড-ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য অরবিন্দ সরকার বলেন, রাত সাড়ে ৩ টার সময় শাটল ট্রেনে লাইন চেক করার সময় তিনি দেখতে পান আমবাড়িয়া এলাকায় ট্রেন লাইনচ্যূত হয়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। এরপর সকালে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, রেলওয়ের পূর্বাঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার  আহমদুল্লাহ মিয়া, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ এমএকে ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান, মিসরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফর উদ্দিন আহমদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পূর্বাঞ্চল রেলওয়ের পরিচালক মিয়া জান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার ও রেল লাইন সচল করতে অন্তত ৫-৬ ঘন্টা সময় লাগবে। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান তিনি।