বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের অংশগ্রহণে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে।
টুর্নামেন্টে খেলতে সোমবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল।
এ আসরে খেলতে শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড সিএপিসিবি।
এ ধরনের টুর্নামেন্টে ঘোষিত দলটি প্রথমবার অংশগ্রহণ করতে যাচ্ছে।
কিন্তু ক্রিকেটের মত প্রতিযোগিতাপূর্ণ খেলা কিভাবে খেলছেন প্রতিবন্ধীরা?
বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মো. মহসিন বলছিলেন, তাকে হুইল চেয়ারে বসে চলাফেরা করে সবকিছুর নিয়ন্ত্রণ নিতে হয়। এরকম যারা দৌঁড়াতে পারেন না তাদের রান সংগ্রহের জন্য রানার থাকেন।
তবে দলের মধ্যে তিনি একাই হুইল চেয়ার ব্যবহার করেন বলে জানান মো. মহসিন।
তিনি আরো জানান, বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত আড়াইশো ক্রিকেট খেলোয়াড় রয়েছে।
প্রতিবন্ধীরা যাতে সমাজের মূলধারার মানুষের মাঝে আসতে পারে, তাদেরকে যাতে নির্বাসিত হয়ে জীবন কাটাতে না হয় সেই অনুপ্রেরণা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ বলে উল্লেখ করেন মো মহসিন।
একজন প্রতিবন্ধী যখন দেশের বাইরে জাতীয় পতাকা তুলে ধরেন তখন দেশের অসংখ্য প্রতিবন্ধী মানুষ এবং তাদের পরিবারগুলো সঙ্কোচ থেকে মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসবে।
এর আগে প্রতিবন্ধী ক্রিকেট দলটি ভারতের সাথে তাজমহল ট্রফি টুর্নামেন্টে অংশ নিয়েছিল।