কবর থেকে বেরিয়ে মনিবের দরজায় ‘মৃত’ বিড়াল

 
বিড়ালের প্রাণ কতটা শক্ত হতে পারে তা আবারো প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি পোষা বিড়াল। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঐ বিড়ালটির নাম বার্ট। গাড়ি চাপা পড়ার পর মৃত ভেবে মালিক তাকে মাটি চাপা দেয়। কিন্তু পাঁচদিন পর বিড়ালটিকে জীবন্ত খুঁজে পায়া এক প্রতিবেশী। স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সা চলছে কবরে থেকে ফেরা বার্টের।
ফ্লোরিডার টাম্পার বাসিন্দা এলিস হাটসন জানান, রাস্তায় বেরিয়ে গাড়ির নিচে চাপা পড়েছিল তার পোষা বিড়ালটি। এক প্রতিবেশী তার রক্তমাখা নিথর শরীরটি খুঁজে পায়।
তিনি জানান, আমি এতটাই শোকগ্রস্ত হয়ে পড়েছিলাম যে ঐ প্রতিবেশীকে বিড়ালটিকে মাটি চাপা দিতে অনুরোধ করি।
কিন্তু পাঁচদিন পর, হাটসনের আরেক প্রতিবেশী ডাস্টি আলব্রিটন মিউ-মিউ ডাকে বেরিয়ে বার্টকে দেখতে পান। বার্টের জখম এতটাই গুরুতর যে মি হাটসন বার্টের চিকিত্সার জন্য দি হিউমেন সোসাইটি অব টাম্পা বে নামের দাতব্য প্রতিষ্ঠানের সাহায্য চান। তাদের খরচেই এখন বার্টের ভাঙ্গা চোয়াল এবং জখম চোখে অস্ত্রোপচার হয়েছে।

হিউমেন সোসাইটি এখন বিড়ালটির নাম দিয়েছে ‘বার্ট দি মিরাকল ক্যাট’ অর্থাত্ অলৌকিক বিড়াল বার্ট। তারা বলছে, এমন ঘটনা তারা জীবনেও দেখেননি।