আবারো তিন শ্রেণীর ক্রিকেটেই শীর্ষে সাকিব

তিন শ্রেণীর ক্রিকেটে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি আবারো সাকিবের দখলে।
এর আগেও ওয়ানডেতে আইসিসির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস গড়েছিলেন সাকিব। তিন ধরনের ক্রিকেটে এক সঙ্গে এর আগে কেউ শীর্ষে অবস্থানটি দখলে নিতে পারেনি।
আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাকিব শ্রীলঙ্কার নিউ জিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ম্যাথিউসের ব্যর্থতার জন্যই কোনো ম্যাচ না খেলে শীর্ষস্থান পেয়েছিলেন।
তবে পরের দুই ম্যাচে ভালো খেলার জন্য ম্যাথিউস এবং তিলকরত্নে দিলশান সাকিবকে ছাড়িয়ে যান। কিন্তু নিউ জিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজের বাকি ম্যাচগুলোতে তেমন ভালো না খেলায় দুই জনই আবার সাকিবের পেছনে পড়ে যান।
৪০৩ পয়েন্ট নিয়ে সাকিব শীর্ষে, ৩৯৩ পয়েন্ট নিয়ে ম্যাথিউস দ্বিতীয় ও ৩৮৯ পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ তৃতীয় অবস্থানে আছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের গত সিরিজে অসাধারণ খেলে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন সাকিব। এরপর হাফিজকে ছাড়িয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সেরা ক্রিকেটার।