খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিমান্ডে


বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু পাঁচ দিনের এবং শামসুজ্জামান দুদুকে চার দিনের রিমান্ড  মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক ও ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
ফালু ও দুদু দুইজনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।
এর আগে ফালুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে খিলগাঁও থানা পুলিশ।
গত ৩০ জানুয়ারি খিলগাঁও এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে থেকে রবিবার রাত পৌনে আটটার দিকে ফালুকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ইত্তেফাককে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাত পৌনে ৮টার দিকে মোসাদ্দেক আলী ফালুকে গুলশান থেকে আটক করে। তদন্তাধীন কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদাদের জন্য তাকে আটক করা হয়েছিল।
বিএনিপর অপর নেতা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধেও গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়।
রাজধানীর মিরপুরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ১০ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়।
গত ১১ জানুয়ারি দুদুকে আটক করে পুলিশ। এর আগে আলাদা দুইটি মামলায় মোট সাতদিনের রিমান্ডে ছিলেন শামসুজ্জামান দুদু।