হেমন্তের গোলে সেমিফাইনালে বাংলাদেশ

 
শ্রীলংকাকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সফরকারী শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে 'এ' গ্রুপের রানার্স আপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে মামুনুল বাহিনী। আগের দুই ম্যাচে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ চারে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া। ম্যাচের ৪০তম মিনিটে স্বাগতিক দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
এই জয়ের ফলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে স্বাগতিক বাংলাদেশ। 
সোমবার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে শুরুতেই প্রতিপক্ষ শ্রীলংকার উপর চাপ প্রয়োগ করে খেলতে শুরু করে মামুনুল-এমিলি-জাহিদ হোসেনরা। একের পর এক আক্রমণ চালিয়ে সফরকারীদের কোণঠাসা করে ফেলে তারা। তবে দক্ষ ফিনিশারের অভাবটি এদিনও অনুভূত হয়েছে স্বাগতিক শিবিরে। যে কারণে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লুডভিক ডি ক্রুইফের শিষ্যদের। 
মঙ্গলবার বি’ গ্রুপের শেষ ম্যাচে থাইল্যান্ডের মোকাবেলা করবে বাহরাইন। বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।