বিশ্বকাপ ক্রিকেট: এ বার টাইগারদের মাঠের প্রস্তুতি

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ওভালে মঙ্গলবার নিজেদের প্রথম অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই একাদশ।
অস্ট্রেলিয়া জাতীয় দল খেলার মধ্যে আছে, আশেপাশে থাকা বাকি তারকারাও সেদিন পর্যন্ত বিগ ব্যাশে খেলেছেন। তাই একটা সম্ভাবনা ছিল যে, বাংলাদেশ আসলে একেবারেই দুর্বল কোনো দল পাবে অনুশীলনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত মোটামুটি শক্তিশালী একটি দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে।
আগামী ৫ তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচের দলে মাইকেল ক্লার্ক আছেন। এই ম্যাচে ক্লার্ক না থাকলেও অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা ক্রিস লিন, জেমস মুইরহেড এবং টিম ভ্যান ডার গুটেন আছেন এই দলে। বাকীরাও অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিশীল তরুন বলে বিবেচিত। ফলে এই দলের বিপক্ষে ভালো কিছু করাটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে বাংলাদেশের জন্য।
বাংলাদেশ অবশ্য ম্যাচটাকে অনুশীলন ম্যাচ হিসেবেই দেখছেন। ম্যানেজমেন্ট এটাকে একদমই খেলোয়াড়দের যাচাই করার একটা চেষ্টা হিসেবে দেখবে। সেই সঙ্গে কন্ডিশনে খেলোয়াড়রা কতোটা ধাতস্থ হল, তার একটা পরীক্ষা। ফলে তামিম ইকবাল ছাড়া সবাই-ই খেলবেন এই ম্যাচে। ব্যাটিং-বোলিং করার সুযোগ পাবেন সবাই।
অস্ট্রেলিয়া থেকে দলের বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে বোঝা গেল, তারা আসলে আজকের ম্যাচটির ফলাফল নিয়ে খুব ভাবিত নন। তারা এর চেয়ে অনেক বেশি ভাবছেন বরং, নিজেদের এই লম্বা সময় ধরে চলা অনুশীলনের কতোটা প্রয়োগ করতে পারবেন তারা। এই প্রয়োগের ব্যাপার এলে চ্যালেঞ্জটা ব্যাটসম্যানদের জন্যই বেশি। তাদেরই এই তপ্ত দিনে পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট বোলারদের সামনে।
 
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ:
উইল বোসিস্টো, হেনরি কনওয়ে, অ্যালেক্স গ্রেগরী, ক্রিস লিন, ডেভিড মুডি, জ্যারন মর্গান, জেমস মুইরহেড, জেমস পিয়ারসন, নিক স্টিভেন্স, অ্যশটন টার্নার, টিম ভ্যান ডার গুটেন, শন উইলস।