গণঅনশনে অংশ নেয়ার আহ্বান বি. চৌধুরীর

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী দুই নেত্রীকে আলোচনায় বসানোর দাবিতে তার প্রস্তাবিত গণঅনশন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ‘দেশপ্রেমিক’ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে বি. চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দুই নেত্রীর সংলাপ ছাড়া সমাধানের অন্যকেনো পথ নেই। এ পরিপ্রেক্ষিতে আমি এর আগে ৭দিনের মধ্যে সংলাপে বসার জন্য দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম, এই ব্যাপারে সরকারের দায়িত্বই মুখ্য। ইতোমধ্যে ৭দিনের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আরও বলেছিলাম ৭দিন পর সাধারণ মানুষকে নিয়ে গণঅনশন করবো।
বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা গণঅনশন কর্মসূচির বিষয়ে রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে চাই। আমি আশা করি, তারা এগিয়ে আসবেন। যারা গণঅনশন কর্মসূচিতে অংশ নিতে চান তাদের বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সঙ্গে ০১৮৩৩-৩১২৭২০ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করার জন্য অনুরোধ জানান তিনি।