গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের ঢাকা-রংপুর মহাসড়কের গিরিধারীপুর এলাকায় সিঙ্গার শো-রুম থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত একটি গরু বোঝাই চলন্ত ট্রাক লক্ষ্য করে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ করে অবরোধকারীরা। এতে তিন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮ টার দিকে এঘটনাটি ঘটে।
আহত গরু ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কুমারগাড়ী গ্রামের সেকেন্দার আলীর ছেলে আবুল হোসেন (৫০), একই এলাকার গুজর আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫), জহির উদ্দিনের ছেলে বাছের আলী (৬০) কে স্থানীয় এক বেসরকারী ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে জানান, রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর হাট থেকে গরু কিনে (ক্রয়) ট্রাকযোগে সিরাজগঞ্জ যাচ্ছিলেন ওই তিন গরু ব্যবসায়ী। পথে রাত ৮টার দিকে পলাশবাড়ী সদরের গিরিধারীপুর গ্রামের সিঙ্গার শো-রুমের সামনে পৌঁছলে চলন্ত ট্রাকটি লক্ষ্য করে (ঢাকা-মেট্রো-ব-১৪-৩২৪৮) তিনটি ককটেল নিক্ষেপ করে হরতাল-অবরোধকারীরা। এতে ট্রাকের জানালা ভেঙ্গে গিয়ে কাচের ভাঙ্গা টুকরো লেগে ওই তিন গরু ব্যবসায়ি আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পিকেটাররা হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।