রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেন সরকারকে ‘প্রাণঘাতী অস্ত্র’ সহায়তার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আত্মরক্ষামূলক অস্ত্র ও অন্যান্য প্রাণঘাতী অস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রাণঘাতী নয় এমন উপকরণ পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাস মাস্ক ও রাডার টেকনলজি। তবে সোমবার নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলেছে, এসব সাহায্য দিয়ে ব্যর্থ হওয়ার পর এখন আত্মরক্ষামূলক অস্ত্র বিবেচনায় রয়েছে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব অস্ত্রের মধ্যে অ্যান্টি-ট্যাংক, অ্যান্টি-এয়ার ও অ্যান্টি-মর্টার সিস্টেম থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, প্রাণঘাতী অস্ত্র সাহায্য পাঠানোর পরিকল্পনা ‘নতুন রূপ’ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চলতি সপ্তাহের শেষের দিকে কিয়েভে যাবেন। সেখানে ইউক্রেন সরকারের সঙ্গে আলোচন করবেন তিনি। এদিকে বিদ্রোহীদের অস্ত্র ও সৈন্য দিয়ে সাহায্য করছে পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করছে রাশিয়া।