প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ফেব্রুয়ারি রবিবার, অমর একুশে গ্রন্থমেলা-২০১৫- এ এটুআই স্থাপিত ই-তথ্যকেন্দ্র থেকে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার (ওসিআর) এবং পাবলিক লাইব্রেরির ডিজিটাল সংস্করণ উদ্বোধন করেন।
২০১১ সাল থেকে প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগের ই-তথ্যকেন্দ্র স্থাপন করা হয়। ই-তথ্যকেন্দ্রের কিয়স্ক থেকে মানচিত্রের মাধ্যমে কোথায় কোন স্টল এবং প্রকাশিত বইয়ের হালনাগাদ তালিকা ব্যবহারকারী নিজেই খুঁজে নিতে পারেন। এবছর পাবলিক লাইব্রেরীর ডিজিটাল সংস্করণ এই তথ্যকেন্দ্র থেকে ব্যবহার করা যাবে। তাছাড়া মেলায় আগত দশর্নার্থীদের তথ্য প্রযুক্তি নির্ভর সেবা’র সঙ্গে অভ্যস্ত করার লক্ষ্যে এ ধরনের তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। পাবলিক লাইব্রেরির ডিজিটাল সংস্করণ এর মাধ্যমে গ্রন্থাগারে কি বই রয়েছে, এর প্রকাশক ও প্রকাশকাল সম্পর্কিত তথ্যাদি, নতুন বই, সর্বাধিক পঠিত বই, ই-বুক এবং জনপ্রিয় বইয়ের তালিকা এখন অনলাইনেই পাওয়া যাবে। এর মাধ্যমে জনগণ সহজেই গণগ্রন্থাগার অধিদপ্তরেরর যাবতীয় সেবা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া এখানে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের লাইব্রেরী এবং এর সহযোগী প্রতিষ্ঠানের লিংকসমূহ। স্বত্তাধিকার সংরক্ষণের বাইরে মোট ১ হাজার ১৭৮ টি ই-বুক যা অনলাইনে যে কোন পাঠক যে কোন স্থান থেকে পড়তে বা সংরক্ষণ করতে পারবেন ।
এটুআই প্রোগ্রামের উদ্যোগে চালু হওয়া সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টি এই বাংলা ওসিআর তৈরি করে। বাংলা ভাষায় লিখিত সব ধরনের বিষয়বস্তুকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে, খুঁজে পেতে এবং সম্পাদনযোগ্য করতে দেশে প্রথমবারের মতো তৈরি হয়েছে বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার (ওসিআর)। ইউএনডিপি এবং ইউএসএইড এর কারিগরি সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় এ দুটো উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।