ভারতে স্কুলের লকারে টাকা-স্বর্ণের বার

 
ভারতের একটি স্কুলে লকার পরিষ্কার করার পর্ব চলার সময় একটি গুপ্ত লকারে সোনার বার ও টাকার বান্ডিল পাওয়া গেছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দ্য হিন্দুর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “ক্লিন ইন্ডিয়া” অভিযানে সাড়া দিয়ে গুজরারে আহমেদাবাদের শহরের একটি স্কুলে পরিষ্কার অভিযান শুরু হয়। লকার পরিষ্কার করার সময় স্কুলের কর্মীরা অব্যবহূত কয়েকটি লকারের সন্ধান পায়। তবে এগুলোর চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তালা ভাঙা হলে সেখানে সোনা ও টাকার বান্ডিল পাওয়া যায়। একটি লকারে এক কোটি রুপি ও অন্য লকারে দুই কেজি সোনার বার পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, খাঁটি সোনার ঐ বারগুলোর দাম প্রায় ৬০ লাখ রুপি হবে।
এনডিটিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্কুলের এই  লকার কে ব্যবহার করত তা স্কুলে রেকর্ড নেই।
স্কুলটির প্রধান শিক্ষক জানিয়েছেন, তার দুই বছরের দায়িত্বকালে লকারগুলো কাউকে বরাদ্দ দেয়া হয়নি।
 
পুলিশ কর্মকর্তা কে কে দেশাই জানিয়েছেন, তারা স্কুলটির শিক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে এসব সম্পদের বিষয়ে কোনো তথ্য উদ্ধার করতে পারেননি।