সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩৭ নেতা-কর্মী আটক

বিএনপিসহ ২০ দলের ডাকা দেশব্যাপী টানা অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে মঙ্গলবার সাতক্ষীরায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল। হরতালে মাঠে নেই ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা। তবে, হরতালের কারণে দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। অভ্যন্তরীন রুটে বাস-মিনিবাসসহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের পক্ষে জেলার কোথাও কোন মিছিল মিটিং ও সমাবেশের খবর পাওয়া যায়নি।
এদিকে, নাশকতার আশঙ্কায় পুলিশ সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতসহ মোট ৩৭ জনকে আটক করেছে। এদের মধ্যে, বিএনপি-জামায়াতের ১৩ জন নেতা-কর্মী রয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অপরদিকে, নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি জেলায় র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।