রাজনীতির নামে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে ও তা বন্ধের দাবিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা ইউনিটের সাবেক কমান্ডার মিজানুর রহমান, ডেপুটি কমান্ডার মমতাজুল করিম বাচ্চু, সদর উপজেলা কমান্ডার কামাল উদ্দিন, জেলা জজ আদালতের জি.পি কাজী মানছুরুল হক খসরু ও মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াত নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশব্যাপী পেট্রোল বোমা হামলা চালিয়ে নিরীহ মানুষদের পুড়িয়ে মারছে। অবরোধ ও হরতালের নামে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। এমন ধ্বংসাত্বক অপরাজনীতি থেকে সরে আসার জন্য তারা আহ্বান জানান এবং জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।