কিংবদন্তি শেন ওয়ার্ন মনে করেন, চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মাইকেল ক্লার্ককে ছাড়া এবার বিশ্বকাপ জিততে পারবে না। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তারকা ব্যাটসম্যান ক্লার্কের বিশ্বকাপ খেলা অনেকটাই অনিশ্চিত ছিলো। তবে দ্রুতই সেরে চোট কাটিয়ে ওঠছেন তিনি। গত শনিবার সিডনিতে ক্লাব ক্রিকেটে অংশ নিয়ে ক্লার্ক খেলেছেন ৫১ রানের ইনিংসও। গত ডিসেম্বরে অস্ত্রোপচারের পর এটাই ছিলো তার প্রথম মাঠে নামা।
অস্ট্রেলিয়া অধিনায়ক ৩১ বছর বয়সী ক্লার্ক ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। এই সময়ে তার জায়গায় টেস্টে দলের নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ এবং ওয়ানডে সিরিজে জর্জ বেইলি। বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ক্লার্কের গুরুত্বের কথা উল্লেখ করে স্কাই স্পোর্টসকে ওয়ার্ন বলেন, ‘আমি মনে করি না অস্ট্রেলিয়া ক্লার্ককে ছাড়া বিশ্বকাপ জিততে পারে। অস্ট্রেলিয়া ১২ মাস আগেও ছত্রভঙ্গ ছিলো। কিন্তু তার নেতৃত্বে তারা ৫-০ ব্যবধানে অ্যাশেজ জিতলো এবং দক্ষিণ আফ্রিকার মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।’