কুমিল্লায় ঢাকাগামী বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ৭ জনের মৃত্যু ও বহু আহত হওয়ার ঘটনায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রাতের বেলায় কোন বাস না ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন বলে জানান পরিবহন মালিকরা।
পরিবহন মালিকরা জানান, এখন থেকে ঢাকার বাসসমূহ সকাল সাড়ে ৮টার মধ্যেই কক্সবাজার ত্যাগ করবে। এরপর আর কোন বাস ছাড়তে পারবে না। তবে চট্টগ্রামগামী বাসে এ ধরনের কোন নিষেধাজ্ঞা নেই। সোমবার রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘আইকন ট্রাভেল’ পরিবহনের একটি বাস কুমিল্লায় পেট্রোল বোমা হামলার শিকার হওয়ার পর প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এর ফলে গতকাল সকাল সাড়ে ৮টার পর কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছাড়েনি।
এদিকে কুমিল্লায় পেট্রোল বোমা হামলার শিকার ‘আইকন ট্রাভেল’ পরিবহনের বাসটি সোমবার রাতে কক্সবাজার থেকে পুলিশ ও বিজিবি প্রহরায় ঢাকার উদ্দেশ্যে গমন করলেও হামলার শিকার হওয়ার সময় বাসটি অজ্ঞাত কারণে পুলিশের নিরাপত্তা বহরের বাইরে অবস্থান করছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনার পর ওই পরিবহনের কক্সবাজার কাউন্টার বন্ধ রাখা হয়েছে।