ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নিলখোলায় লবণবাহী ট্রাক খাদ পড়ে অগ্নিকাণ্ডে চালক নূর হোসেন (৩৫) ও হেলপার জাফর রাঢ়ী (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক নূর হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার আয়নাবাজ কালাইয়া গ্রামের আব্দুল রবের ছেলে। হেলপার জাফর একই জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের শাহজাহান রাঢ়ীর ছেলে।
গৌরনদী থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। ব্যাটারিতে শটসার্কিট থেকে ট্রাকে আগুন ধরে গেলে তারা দুজন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কর্মকর্তারা একে দুর্ঘটনা বলে দাবি করেছেন।
তবে স্থানীয়রা বলছেন, পিকেটাররা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকে আগুন ধরে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ট্রাকের সামনের অংশ আগুনে পুড়ে গেলে চালক ও হেলপার মারা যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে। গতকাল সকালে নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আইনুল হক বলেন, ব্যাটারির চ্যানেল থেকে শটসার্কিটের মাধ্যমে ট্রাকে আগুন লাগে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, দুর্বৃত্তরা ট্রাকের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকে আগুন ধরে যেত। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার পর আগুন লেগেছে।