কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৭ যাত্রী নিহতের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় জামায়াতের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও চৌদ্দগ্রাম আসনের সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর শাহাবুদ্দিন, উপজেলা বিএনপি নেতা কামরুল হুদাসহ ৫৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ৭১ জনের নাম উল্লেখ করে পৃথক একটি মামলা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জানুয়ারি পুলিশের দায়ের করা মামলায়ও খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার হতে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় ৭ যাত্রী নিহত হন।