খালেদা জিয়ার গ্যাটকো মামলার রুলের শুনানি ৯ ফেব্রুয়ারি

 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে রুল শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। বুধবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
গ্যাটকো দুর্নীতির মামলায় গত ২৭ জানুয়ারি খুরশিদ আলম খানকে নতুন আইনজীবী নিয়োগ দেয় দুদক। এ মামলায় দুদকের আইনজীবী আনিসুল হক আইনমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে মামলাটির আইনজীবীর পদ শূন্য ছিল।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকো কোম্পানিকে পাইয়ে দিয়ে সরকারের এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। মামলায় খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে মামলা করা হয়। পরে উপ-পরিচালক জহিরুল হুদা তদন্ত করে চারদলীয় জোট সরকারের সাবেক নয়জন মন্ত্রীসহ ২৫ জনকে আসামি করে ২০০৮ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্র দায়েরের পর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। এরপর হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।