বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে চ্যালেঞ্জ দিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, পারলে মাঠে নামেন, পুলিশ নিরপেক্ষ থাকবে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন আয়োজিত হরতালবিরোধী মিছিল শেষে খোকার প্রতি এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন কামরুল। লন্ডন থেকে তারেক রহমান এ নাশকতার নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ একত্র হয়ে বিএনপির এ নাশকতা প্রতিহত করবে। এ সময় রাজপথে থেকে হরতাল-অবরোধ প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা সরকারের উদ্দেশে বলেন, র্যাব-পুলিশ-বিজিবিকে নিরপেক্ষ থাকতে বলেন। তখন দেখবেন, আপনার লোকদের ঢাকা থেকে বিতাড়িত করতে ৩০ মিনিটের বেশি সময় লাগবে না।
মিছিল ও মানববন্ধনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যার দায়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি করেন তারা।
সংগঠনের সভাপতি ও ঢাকা মাহনগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও উপ-দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ।