দুই দল শিক্ষা ব্যবস্থা জিম্মি করে রাজনীতি করছে: মান্না

নারগিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের প্রধান দুই দল শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে রাজনীতি করছে। সরকারের পক্ষ মনে করছেন, এ অবস্থায় তাদের পরীক্ষা নিতেই হবে এবং  স্বৈরাচারী আচরণের মাধ্যমে বিরোধী দলকে নিঃশেষ করতে হবে। অপরদিকে বিরোধী দল মনে করছেন, পরীক্ষার সময় হরতাল দিয়ে বেকাদায় ফেলে সরকারের পতন ঘটাবেন। দুই দলই আজ শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে রাজনীতি শুরু করেছে। তিনি আরও বলেন,  দেশে যে জ্বালাও-পোড়াও চলছে, এর দায় কেউ নিচ্ছে না।
বুধবার জাতীয়  প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্যের এক অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসের কাছে দায়ী থাকবেন।
প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, আপনারা একে অপরকে দোষারোপ করলে  দেশের বর্তমান সমস্যা সমাধান করা যাবে না বরং সমস্যা দিন দিন বাড়বে। তাই প্রধানমন্ত্রীর প্রতি আমার আহ্বান আপনি সংলাপের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।