নারায়ণগঞ্জে গণহিস্টিরিয়ায় ৪০ শ্রমিক অসুস্থ

 
 
শহরের খানপুর এলাকায় অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি গার্মেন্টে বুধবার সকালে দ্বিতীয় দিনে নতুন করে আরও ২০জন শ্রমিক গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত দুই দিনে ৪০ জন এতে আক্রান্ত হলেন।
 
বুধবার নতুন ২০ রোগীকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে কারাখানার কোনো সুপারভাইজার বা ম্যানেজার চিকিত্সার খোঁজ নিতে না আসায় হাসপাতালের ভেতরে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ভেতরে ‘কুমুদিনী এপারেলস’ এ বুধবার সকালে নতুন ক্যান্টিনে খাবার খেয়ে আসার পরেই শ্রমিকেরা ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়।
অসুস্থরা হলেন— জিয়াসমিন (১৬), মাকসুদা (১৫), রূপালী (১৬), কহিনুর (১৬), রূপালী (১৮), সীমা (২০) শান্তা (২৬), লিজা (১৮), শায়লা (১৯), তানিয়া (১৬), স্মৃতি (১৫), শীলা (২০), খোকন (২২), লিজা (১৫), মরজিনা (২২) ও সারেজা বেগম (২৫)।
শ্রমিক তানিয়া জানান, নতুন ক্যান্টিনে খাবার খেয়ে ফেরার পথে সবাই অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সীমা জানান, এটা মূলত গণহিস্টিরিয়া রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেকে ভয়ে বিভিন্ন রকমের কথা বার্তা বলছে।