জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। এরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাত (৩০) এবং ঢাবি শহীদুল্লাহ হল ছাত্রদল শাখার সদস্য গোলাম কিবরিয়া (২২)। গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ প্রহরায় চিকিত্সা দেয়া হচ্ছে।
বুধবার দুপুরে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসান উল্লাহ হলের সামনে এ গণপিটুনির ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ঐ দুই নেতা জানান, দুপুর ২ টার দিকে তারা শহীদুল্লাহ হল থেকে রিকশাযোগে নীলক্ষেতে যাচ্ছিলেন। আহসানউল্লাহ হলের সামনে দিয়ে রিকশাটি যাওয়ার সময় ৭/৮ জন ছাত্রলীগ নেতা-কর্মী তাদের রিকশাটি ঘেরাও করে। তারা তাদেরকে পেট্রোল বোমা নিক্ষেপকারী বলে চিত্কার করতে থাকে। এক পর্যায়ে তারা তাদের রিকশা থেকে রাস্তা ফেলে পিটুনি দিতে থাকে। প্রায় ১০/১৫ মিনিট ধরে মারধর করার পর চকবাজার থানা পুলিশের একটি টহল টিমের কাছে তাদের সোপর্দ করে।
চকবাজার থানার ওসি আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হবে।
অন্যদিকে, খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, মঙ্গলবার গভীর রাতে খিলগাঁওয়ের হাওয়ায় গলির ৩৩৩/বি/১ নম্বর বাড়ির ৫ম তলার ফ্ল্যাটের অভিযান চালিয়ে ১৬ টি বোমা, বোমা তৈরির ২ কেজি রাসায়নিক উপাদান, আড়াই কেজি সাইকেলের বল ও ৬ টি খালি বোতল উদ্ধার করা হয়। ঐ ফ্ল্যাটে জাতীয়তাবাদী চালক দল খিলগাঁও থানা শাখার সাংগাঠনিক সম্পাদক তুহিন সপরিবারের বসবাস করেন। অভিযান খবর পেয়ে তুহিন পালিয়ে যায়। বোমা ও অন্যান্য আলামত উদ্ধারের ঘটনায় খিলগাঁও থানায় তুহিনসহ ১৬ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।