বিডিবিএলের জিএমসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদ

আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) জিএমসহ আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
বুধবার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, বিডিবিএলের প্রিন্সিপাল ব্রাঞ্জের জিএম নুরুর রহমান কাদরী, ফরিদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মো. ইউনুস আলী, প্রিন্সিপাল ব্রাঞ্চের এসপিও মো. ইমামুর রশিদ, মতিঝল ব্রাঞ্চের এসপিও দীনেশ চন্দ্র শাহা, হেড অফিসের এজিএম (এসএমই ডিপার্টমেন্ট) ইঞ্জিনিয়ার এস এম সিরাজুল ইসলাম, হেড অফিসের সাবেক এসপিও (ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিপার্টমেন্ট) মো. নজরুল ইসলাম, আগ্রাবাদ ব্রাঞ্চের ডিজিএম তপন কুমার রায় ও ব্যাংকের সাবেক কমার্সিয়াল ব্যাংকিং কনসালটেন্ট মাহে আলম।
দুদক সূত্র জানায়, দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে আনন্দ শিপইয়ার্ড এর বিরুদ্ধে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের পরিদশনের রিপোর্টের পর কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।