ম্যাক্সিম ফাইন্যান্স কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন

পৌনে আট কোটি টাকা আত্মসাত্ ও তা বিদেশে পাচারের অভিযোগে ম্যাক্সিম ফাইন্যান্স এ্যান্ড কামার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 বুধবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে সূত্র জানিয়েছে।
দুদক সূত্র জানায়, যমুনা ব্যাংক লিমিটেডের বালিগাঁও শাখা থেকে ২০১০ সালের ২১ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর সময় পর্যন্ত মোট সাত কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৩৮১ টাকা নগদে অনলাইনের মাধ্যমে জমা করেন। পরবর্তী সময়ে সাত কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৫৩৮ টাকা নগদে অনলাইন ব্যাংকিং ও এটিএম কার্ডের মাধ্যমে উত্তোলনের মাধ্যমে আত্মসাত্ করেন। অভিযুক্ত গোলাম মোস্তফার সন্দেহজনক লেনদেন, চোরাকারবার, দেশী-বিদেশী মুদ্রা পাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও তার মালিকানা গোপন করার অভিযোগে মামলাটি অনুমোদন দিয়েছে কমিশন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় মামলাটি দায়েরের অনুমোদন দেয়া হয়েছে।