মাশরাফি-তাসকিনের ছোট ইনজুরি

প্রথম যখন খবরটা ছড়িয়ে পড়ে, তখন দেশে থাকা ক্রিকেট কর্মকর্তারা পর্যন্ত শিউরে উঠেছিলেন—তাই নাকি!
শিউরে ওঠার মতোই খবর ছিল। ইনজুরির শিকারে বারবার মাঠ থেকে ছিটকে পড়া, বিশ্বকাপ মিস করা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার আবার ইনজুরির খবর। সেই সঙ্গে মাশরাফির অনুসারী, তারমতোই ইনজুরিমুখী তাসকিনেরও নাকি ইনজুরি। শেষ পর্যন্ত ব্যাপারটা আরও এতো আতঙ্কের কোনো খবর থাকেনি। ছোটখাটো চোট দু জনই পেয়েছেন। তবে সে চোট মাঠের বাইরে থাকার মতোই নয়। চাইলে আজকের ম্যাচেও খেলতে পারেন মাশরাফি ও তাসকিন।
দেশের শীর্ষ দুই পেসার মাশরাফি ও তাসকিনের চোট লেগেছে মঙ্গলবার সিএ একাদশের বিপক্ষে প্রথম ম্যাচের সময়। মাশরাফি ভুগছেন হালকা পিঠের পাশের পেশীর টানে। আর তাসকিনের লেগেছে গোড়ালিতে। দু জন শুরুতে একটু ব্যথা অনুভব করলেও আজও  অস্ট্রেলিয়া থেকে টিম ম্যানেজমেন্টের একটা অংশ জানিয়েছে, দু জনই সুস্থ্য আছেন।
টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বলেছে, ‘চোট মোটেও গুরুতর কিছু নয়। চাইলে বৃহস্পতিবার তারা খেলতেও পারবে। তবে ফিজিও সতর্কতা হিসেবে হয়তো দু জনকেই বা কোনো একজনকে বিশ্রাম দিতে পারেন।’
শেষ পর্যন্ত আজ তারা খেলুন আর নাই খেলুন, সুস্থ্য যে আছেন, এটাই বড় খবর।