গ্যাসের দাম নির্ধারণ নিয়ে গণশুনানি অব্যাহত

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে বিইআরসি মূল্যায়ন কমিটি। কমিটি জানিয়েছে, এখন কোম্পানির লাভ হচ্ছে। চলতি অর্থবছরেও লাভ হবে। তাই দাম বাড়ানোর কোন প্রয়োজন নেই। তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (বিজিডিসিএল) এর পরিচালন খরচ মেটাতে ২ দশমিক ৪৯ ভাগ দাম বাড়ানো প্রয়োজন।

গতকাল বুধবার রাজধানীর কাওরান বাজারস্থ টিসিবি অডিটরিয়ামে অনুষ্ঠিত গণশুনানীতে বিইআরসি মূল্যায়ন কমিটি এ সুপারিশ করেছে। গণশুনানি গ্রহণ করেন বিইআরসির চেয়ারম্যান এ আর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুরশেদ।

গণশুনানীতে বাখরাবাদ ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি’র পক্ষ থেকে জানানো হয়, এতদিন গ্যাসের কোনো পণ্যমূল্য ছিল না। সরকার প্রতি হাজার ঘনফুট গ্যাসের পণ্যমূল্য নির্ধারণ করেছে ২৫ টাকা। যে কারণে দাম বাড়ানো প্রয়োজন। উভয় কোম্পানী গড়ে ৪০ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।