ভারতের আম আদমি পার্টিতে (এএপি) যোগ দেয়ার জন্য প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন দলটির চার সদস্য। এদিকে গতকাল বুধবার দিল্লিতে বিধানসভার নির্বাচনী সমাবেশে আবেগাপ্লুত হয়ে বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা দলের (বিজেপি) মুখ্যমন্ত্রী প্রার্থী কিরণ বেদী। এছাড়া কিরণ বেদীর সমর্থনে দক্ষিণ দিল্লিতে এক সমাবেশে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তবে অভ্যন্তরীণ জরিপেও এগিয়ে আছে এএপি। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
এএপি থেকে পদত্যাগ করে রবীন্দ্রনাথ তিওয়ারি ও মোহিত সিংসহ চারজন কান ধরে বলেন, তারা দুঃখিত যে, তারা এএপিতে যোগ দিয়ে কেজরিওয়ালের সঙ্গে হাত মিলিয়েছিলেন। দিল্লির কৃষ্ণনগরে এক জনসভায় বক্তৃতায় কিরণ বেদী বলেছেন, তিনি মানুষের ভালাবাসার মাধ্যমে নির্বাচনে জয় পেতে চান এবং মানুষকে সেবা করতে চান। সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদী শক্ত মনের অধিকারী বলে মানুষের কাছে পরিচিত; কিন্তু গতকাল সমাবেশে দেয়া বক্তব্যে তাকে কাঁদতে দেখা যায়। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমার রাজনীতির লক্ষ্য একটাই। সেটা হলো ‘উন্নয়ন’। আর ‘উন্নয়ন’ অর্থ গরীবদের জীবনমানের উন্নয়ন। একজন রোগী যেন ঠিকমতো ওষুধ পায়, একজন শ্রমিক যেন তার পরিশ্রমের মূল্যটা পায় এবং প্রত্যেকে যেন তার নিজস্ব একটা বাড়িতে থাকতে পারে সেটা নিশ্চিত করা। ভোটের তিন দিন আগে নিজেদের জরিপের ফলাফল প্রকাশ করেছে এএপি। দলটির নেতা যোগেন্দ্র যাদব গতকাল জানিয়েছেন, তারা বিধানসভার ৭০টি আসনের ৫১টি পাবেন। বিজেপি এবং কংগ্রেস মিলিয়ে পাবে ১৫টি এবং অন্যান্য দল পাবে চারটি আসন।