চট্টগ্রাম বন্দরের বহিনোঙর থেকে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। এছাড়া কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে ও সকালে এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, রাত আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় ১ নম্বর বয়ার কাছ থেকে ১৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। জব্দ হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৮৩ কোটি টাকা।
মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা চালানটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এরপর এটি সমুদ্র পথে চট্টগ্রাম শহরের বহির্নোঙর এলাকায় আনা হয়। সেখান থেকে এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে একাধিক সূত্রে জানা যায়।
অন্যদিকে বিজিবি জানিয়েছে, সকালে কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য দুই কোটি দশ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ইয়াবা উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।