দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের হার

 
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগৃহীত ১৯৩ রানের বিপরীতে  ৪২ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পক্ষে সর্বোচ্চ রান অ্যাস্টন টার্নারের (৭১)। এছাড়া চোট কাটিয়ে মাঠে অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট থেকে আসে ৩৪ রান।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন আল-আমিন হোসেন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
এর আগে বৃহস্পতিবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে টসে জিতে ব্যাটিং করতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর মাত্র ৫৭ রানেই ৫ উইকেট পড়ে যায়। দলের পক্ষে নাসির হোসেন সর্বোচ্চ ৫২ রান করেন। সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান।
প্রথম প্রস্তুতি বিশ্বকাপম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে পরাজিত হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির কাছে।

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্থানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাশরাফির দল।