সাতক্ষীরার তালায় বাঘের চামড়াসহ পাচারকারী আটক

সাতক্ষীরার তালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা অভিযান চালিয়ে একটি বাঘের চামড়াসহ দ্বীন মোহাম্মদ গাইন নামের এক পাচারকারীকে আটক করেছে । বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তালা উপজেলার কুমিরা থেকে তাকে আটক করা হয়। আটক দ্বীন মোহাম্মদ গাইন শ্যামনগর উপজেলার খলিষাবুনিয়া গ্রামের গোলাম মোহাম্মদ গাইনের ছেলে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এ-এস-পি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের বাঘের চামড়া পাচার করার জন্য একটি পাচারকারী চক্র তালা উপজেলার কুমিরা এলাকায় প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা ক্রেতা সেজে সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাব চামড়াটি দেড় লাখ টাকায় ক্রয় করার চুক্তিতে সেখান থেকে দ্বীন মোহাম্মদ গাইন নামের এক পাচারকারীকে বাঘের চামড়াসহ হাতে নাতে আটক করে।
তিনি আরো জানান, এক মাস আগে শ্যামনগর উপজেলার পাশ্যেমারী গ্রামের জনৈক ইউনুছ আলীর কাছ থেকে চামড়াটি ৫০ হাজার টাকায় তিনি ক্রয় করেন। পরে এটি তিনি তালা উপজেলার ইসলামকাটি গ্রামের ইকবালের বাড়িতে রেখে দেয়। আজ দুপুরে চামড়াটি দেড়লাখ টাকার চুক্তিতে ক্রয় করার সময় তাকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক পাচারকারীকে সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিলের র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চলছিল।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১৫ অক্টোবর রাতে শহরের ইটাগাছা এলাকা থেকে দু’টি বাঘের চামড়াসহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব।