ইউক্রেনের রণাঙ্গনবর্তী শহরে অস্ত্র বিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনবর্তী দেবালৎসেভা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুযোগ করে দিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বুধবার সেখানে সাময়িক অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন।
বান কি-মুন বলেন, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ দেবালৎসেভা শহরে বেসামরিক লোকজন আটকা পড়ায় তিনি বিশেষভাবে উদ্বিগ্ন। শহরটির রেলওয়ে জংশন বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি নগরীর মধ্যে যোগাযোগ স্থাপন করেছে।
এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্রোহীরা তাদের অভিযান অব্যাহত রাখায় প্রতিদিনই সেখানে মানুষ মারা যাচ্ছে।
দেবালৎসেভায় সাময়িক অস্ত্র বিরতির জন্য ইউরোপীয় ওএসসিই পর্যবেক্ষকদের প্রস্তাবের প্রতি তিনি সমর্থন জানান। শহরটিতে এক সপ্তাহ ধরে প্রচণ্ড যুদ্ধ চলছে।