বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন ও শক্তিশালীকরণে সমগ্র বিশ্বে সিপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি সমগ্র বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
স্পিকার গতকাল লন্ডনে হিউম্যান রাইটস ইন দ্যা মডার্ন ডে কমনওয়েলথ : ম্যাগনা কার্টা টু কমনওয়েলথ চার্টার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনের প্রথম সেশনে হোয়াট ইজ ডেমোক্রেসী? দ্যা স্ট্রেনথ অব পার্লামেন্টস শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়।
স্পিকার বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাস, দারিদ্র বিমোচন ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সংসদ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে সিপিএ কাজ করছে।
সম্মেলনে সংসদ সদস্য স্যার এডওয়ার্ড গার্নিয়ার এবং সংসদ সদস্য রাইট অনার স্যার ম্যালকম ব্রুস বক্তব্য রাখেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ), ইউকে আয়োজিত এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের স্পিকার ও ডেপুটি স্পিকারগণ অংশগ্রহণ করেন।
সম্মেলনে সংসদ সদস্য ইমরান আহমেদ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে যোগদান করেন। -বাসস