আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে। তাদেরকেও কঠিন শাস্তি পেতে হবে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ভলকান যুদ্ধে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার দায়ে নেতৃত্বদানকারী রাজনৈতিক নেতাদের বিচার হেগের আদালতে হয়েছিলো। এখনো তারা সাজা ভোগ করছেন। আজ যারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে। তাদেরকেও কঠিন শাস্তি পেতে হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতালকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, আ’লীগ নেতা এড. বলরাম পোদ্দার প্রমুখ।