লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকোর সাথে শনিবারের মাদ্রিদ ডার্বিতে খেলতে পারছেন না রিয়ালের মাদ্রিদের দুই তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজ এবং সার্জিও রামোস। বুধবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে দুজনেই ইনজুরিতে আক্রান্ত হওয়ায় পরবর্তী ম্যাচ থেকে ছিটকে পড়েছেন বলে নিশ্চিত করেছেন গ্যালাকটিকো কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের আট মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে রামোস এবং প্রথম গোল দেয়া রদ্রিগেজ ২৭ মিনিটে ডান পায়ের ইনজুরির কারণে মাঠ ত্যাগে বাধ্য হন। বুকের পাঁজরের হাড়ের ইনজুরির কারণে ইতোমধ্যেই মাঠের বাইরে থাকা পর্তুগিজ রাইট ব্যাক পেপের কারণে আগে থেকেই আনচেলত্তি রক্ষনভাগ নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন। এখন আবার নতুন করে রামোসের ইনজুরি রিয়ালকে সত্যিকার অর্থেই বিপদে ফেলেছে বলে সংশ্লিষ্টদের মত। যদিও ইতালিয়ান কোচ দলের তরুণ দুই ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং নাচোর দক্ষতা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। তার মতে দিয়েগো সিমিয়োনের দলের বিপক্ষে চ্যালেঞ্জটা তার খেলোয়াড়রা ভালভাবেই সামলে উঠতে পারবে।
আনচেলত্তি বলেছেন, ‘সার্জিওর হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়েছে। এজন্য আমাদের কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে। হামেসের ডান পায়ের হাড়ে চিড় ধরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে কারণেই পরবর্তী ম্যাচে তাদের খেলার কোনো সম্ভাবনাই নেই। তবে দলের অন্যান্যদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। নাচো এবং রাফায়েল ইতোমধ্যেই তাদের প্রতিভার প্রমাণ দিয়েছে। তাদের উপর আমার দারুণ আত্মবিশ্বাস রয়েছে।’