পঞ্চগড়ের আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে হুকুমের আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওই মামলা দায়ের করা হয়। মামলায় ওই ৩ জনের বিরুদ্ধে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা, জানমালের ক্ষতিসাধন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বোদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম সোহাগ আমলী আদালত-৩ এ মামলাটি করেন। আদালতের বিচারক শিশির কুমার বসু অভিযোগ আমলে নিয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মামলা বিবরণে বলা হয়, গত ৫ জানুয়ারি ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়। এরপর থেকে আসামিদের নির্দেশে দলীয় নেতাকর্মীসহ সন্ত্রাসীরা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা, নানাভাবে জানমালের ক্ষতিসাধনের পাশাপাশি রাষ্ট্রদ্রোহের মত অপরাধ করছেন মর্মে অভিযোগ আনা হয়েছে।
এ সময় আদালতে বাদী পক্ষের আইনজীবী ফখরুল হাসান তপু ও পদ্মলোচন দে ছাড়াও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান পিপি, আবু ইউনুস লেলিনসহ আওয়ামী সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান জানান, মামলার বিষয়ে কিছু জানিনা। আদালতের কোন কাগজপত্রও পাই নি।