ইনজুরিতে থাকা জুনাইদ খানের পরিবর্তে পাকিস্তান বৃহস্পতিবার বিস্ময়করভাবে বাঁ-হাতি পেসার উঠতি তারকা রাহাত আলিকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছে।
২৬ বছর বয়সী আলি ২০১২ সালে পাকিস্তানের হয়ে কেবলমাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দল ১০টি ওয়ানডে খেললেও কোনো ম্যাচেই তাকে বিবেচনা করা হয়নি।
গত মাসে পায়ে আঘাত পাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ব্যর্থ হয়ে গত সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন জুনাইদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, গত মাসে ঘোষিত শক্তিশালী ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা না পেলেও আহত জুনাইদের পরিবর্তে রাহাত আলিকে বেছে নেয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পেসার বিলাওয়াল ভাট্টিকে দলে নিয়েছিল পাকিস্তান। তাই জুনাইদের পরিবর্তে বিশ্বকাপ দলে তাকেই নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।